
নিজস্ব প্রতিবেদক:
গণ-অভ্যুত্থানে সব শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব আহত শিক্ষার্থী-শ্রমিক-জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লাখ টাকা দেওয়া হচ্ছে। যাঁরা বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন তাঁদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাঁদের প্রয়োজন তাঁদের সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র–শ্রমিক চিকিৎসাসেবা ও পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবেন না—এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার। এই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ বেশ পাকাপোক্তভাবে তাদের কাজ শুরু করেছে।
পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, বাধ্য হয়ে তাঁদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তাঁরা জনরোষের শিকার হয়েছেন। এতে তাঁদের মনোবল অনেক কমে যায়। পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাঁদের আবার আইনশৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছেন। এ ক্ষেত্রে অনেক দৃশ্যমান উন্নতিও হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে।
দেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, ফ্যাসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল, তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে। টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে। তাঁরা যখন দায়িত্ব গ্রহণ করেন, বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ। এ সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তাঁরা সহিংসতারও শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে যেসব প্রচার-প্রচারণা হয়েছে, তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যেসব সহিংসতার ঘটনা ঘটেছে, তার মূল কারণ ছিল রাজনৈতিক। কিন্তু এসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে। সবার সহযোগিতায় দৃঢ়ভাবে এই পরিস্থিতি তাঁরা সামাল দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, শুধু হিন্দু সম্প্রদায়ই নয়, দেশের কোনো মানুষই যাতে কোনোরকম সহিংসতার শিকার না হয়, সে জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন এবং সব সময় সে চেষ্টা করে যেতে থাকবেন।
‘দ্রব্যমূল্য নিয়ে লুকোছাপা নেই’
বন্যাপরবর্তী সময়ে বাজারে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফলে আপনাদের কষ্ট হয়েছে। নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা সাড়ে ৯ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি। এ জন্য প্রয়োজনীয় শুল্কছাড়ও দেওয়া হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে ডিম উৎপাদন করে যাতে সরাসরি বাজারে ডিম সরবরাহ করতে পারে, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগগুলো তুলে ধরে ড. ইউনূস বলেন, মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষিপণ্য কিনতে পারে সে জন্য রাজধানীসহ বিভিন্ন স্থানে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে ৫৭ লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে। বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও দাম যাতে স্বাভাবিক থাকে, সে জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ে সরকারের কোনো লুকোছাপা নেই।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রোববার (১৮ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।




