
নিজস্ব প্রতিবেদক:
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (০৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারেক রহমান বলেন, গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় ফ্র্যান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুস্কৃতিকারীরা উদ্ধত আচরণ করে। বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচার বর্হিভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত।
ফ্যাসিবাদের হিংস্র রূপের প্রকাশ এখনো দেশে-বিদেশে অনেক স্থানে মাথাচাড়া দিয়ে ওঠছে। প্রবাসে আওয়ামী নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদের অভয়ক ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ চালাচ্ছে।
তিনি আরো বলেন, আইন উপদেষ্টার সঙ্গে তাদের উশৃঙ্খল আচরণে আবারো প্রমাণিত হলো এরা বিশৃঙ্খলা, হানাহানি, বিভাজন, সংকীর্ণতা, অনৈক্য, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট এবং বিপুল অঙ্কের টাকা পাচারসহ অসৎ অনাচারের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা ও গুমের রাজনীতির বিশ্বাস থেকে সরে আসেনি। এরা গণতন্ত্র স্বীকৃত মানবাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের নাগরিক স্বাধীনতায় বিশ্বাসী নয়।
গণতন্ত্রের সঙ্গে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য। রক্তাক্ত পন্থায় ছাত্র-জনতার আন্দোলনকে পরাজিত করতে না পেরে দেশ ছেড়ে চলে যাওয়ায় শেখ হাসিনার ক্রোধ যেমন থামছে না, তেমনি দেশে-বিদেশে তার সমর্থকরাও প্রচণ্ড হাতাশা নিয়ে সুযোগ পেলেই গণতন্ত্রকামী মানুষদের হত্যা করছে বা শারীরিকভাবে আঘাতসহ নানাভাবে হয়রানির কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ড. আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণ শেখ হাসিনার তৈরি করা সেই দুঃশাসনেরই অভিব্যক্তি।
তারেক রহমান বলেন, পতিত শেখ হাসিনা দেশের রাজনীতিকে জটিল করে তুলতে বাইরে থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তারেক রহমান বলেন, পতিত শেখ হাসিনা দেশের রাজনীতিকে জটিল করে তুলতে বাইরে থেকে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লুটপাটের সুবিধাভোগীরা বিদেশে গভীর চক্রান্তে মেতে উঠেছে। গণতন্ত্রের স্বপক্ষের ব্যক্তিদের হেনস্থা করাসহ বাংলাদেশের ভেতরেও অন্তর্ঘাত সৃষ্টির গভীর চক্রান্তজাল বুনে যাচ্ছে। লুটপাটের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য উদগ্রীব ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে নানা এজেন্ডা নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ বরাবরই ক্ষমতার নেশায় আচ্ছন্ন অপরাধ প্রবণ রাজনৈতিক দল। ক্ষমতা হারানোর মনোবেদনায় এরা দিশেহারা হয়ে পড়েছে।
এরা মতপ্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না বলেই সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নেয়। আত্মপ্রত্যয়হীন, যুক্তিবিমুখ, মানবতাবিরোধী আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী দোসরদের চিহ্নিত করে রাখতে হবে। এদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। বিদেশে গণতন্ত্রকামী প্রবাসীরা ফ্যাসিবাদী দোসরদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচার বিভাগকে অবহিত করতে হবে। বাংলাদেশে আওয়ামী দৈত্যকে জনগণই বোতল বন্দি করেছে। আন্তর্জাতিক পরিসরে এই সমস্ত আওয়ামী কুচক্রীদের বিচারের আওতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এদিকে উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদে মশালমিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শুক্রবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে মশালমিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মশালমিছিল শুরু করেন। মিছিলটি পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আল রাজীর সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে হেনস্তার নিন্দা জানান। তাঁর অভিযোগ, জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী। হেনস্তাকারীদের পাসপোর্ট বাতিল এবং তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানান আবু হানিফ। আসিফ নজরুলের সফরসূচির কথা হেনস্তাকারীরা কীভাবে জানলেন, সেটা বড় প্রশ্ন বলেও উল্লেখ করেন তিনি।
‘জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তাকারীরা আওয়ামী লীগের সন্ত্রাসী’
আসিফ নজরুলকে হেনস্তার মাধ্যমে গণ-অভ্যুত্থানকে হেনস্তা করতে চেয়েছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান। তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ মানুষের ওপর জুলুম-নির্যাতন করেছে। গণ-অভ্যুত্থানের পর তাদের আচরণের পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই মন্তব্য করেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান।
যুব অধিকার পরিষদের অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খালিদ হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুব অধিকার পরিষদ মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান, উত্তরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।




